২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় ৪ প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল আমেরিকা

ইরানের সঙ্গে সম্পর্ক রাখা এবং দেশটি থেকে জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে ভারতের চারটি বাণিজ্যিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় কোম্পানিগুলো হলো:‘পোর্টিস পার্টনার এলএলপি’, ‘সদাশিব ওভারসিজ লিমিটেড’, ‘পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড’ এবং ‘প্রাক্রুতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’।

আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানগুলো ইরান থেকে তেল আমদানি, মজুত, স্থানান্তর ও বিক্রয়সহ দেশটির তেল রপ্তানি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত। ইরানের বিরুদ্ধে আমেরিকার ঘোষিত অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযানের আওতায় বিশ্বের যেকোনো দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠান ইরানের সামরিক ও জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে এই কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, কোনো দেশ বা প্রতিষ্ঠান যদি বাণিজ্য, বিমানবন্দর বা অন্য কোনো মাধ্যমে ইরানকে সহায়তা করে, তবে তাদেরও চরম অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। তেল চোরাচালান, অর্থ স্থানান্তর ও ভুয়া কোম্পানির মতো সব ধরনের কার্যক্রম বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Home R3