২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

‘বন্দে মাতরম’ ইসলামি আকিদার সঙ্গে সাংঘর্ষিক

‘বন্দে মাতরম’ ইসলামি আকিদার সঙ্গে সাংঘর্ষিক

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে বোর্ডের মুখপাত্র ড. সৈয়দ কাসিম রাসূল ইলিয়াস বলেন, সংসদের উভয় কক্ষে সংশোধনী বিল পাস করে ‘বন্দে মাতরম’কে কার্যত সবার জন্য বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এটি ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

তিনি বলেন, ‘বন্দে মাতরম’-এর কিছু অংশে মাতৃভূমিকে দেবীরূপে উপস্থাপন করা হয়েছে, যা ইসলামের তাওহিদের আকিদার সঙ্গে সাংঘর্ষিক। মুসলমানদের একমাত্র আল্লাহর ইবাদতের বিশ্বাসের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়।

ড. ইলিয়াস সংবিধানের ১৯ ও ২৫ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুযায়ী কাউকে তার বিশ্বাসের বিরুদ্ধে কোনো গান বা স্লোগানে বাধ্য করা যায় না।

তিনি আরও বলেন, দেশপ্রেম ও উপাসনা ভিন্ন বিষয়। মুসলমানরা দেশকে ভালোবাসাকে দায়িত্ব মনে করলেও মাতৃভূমিকে উপাস্য হিসেবে গ্রহণ করতে পারেন না।

এদিকে, ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ ইতোমধ্যে রাজ্যসভায় কণ্ঠভোটে পাস হয়েছে। প্রস্তাবিত আইনে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ ও ‘বন্দে মাতরম’সহ জাতীয় প্রতীকের অবমাননায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

বিলটি এখন লোকসভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। সেখানে পাস হয়ে রাষ্ট্রপতির সম্মতি পেলে এটি আইনে পরিণত হবে।

Home R3