৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দুক হামলায় ৫ ইসরাইলি হতাহত

ইসরাইলের কোখাভ ইয়াইর এলাকায় একটি পেট্রোল স্টেশনের কাছে বন্দুক হামলায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। রোববার (৭ জুন) ইসরাইলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহভাজন এক সশস্ত্র ব্যক্তিকে ঘটনাস্থলেই ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। তবে হামলার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং সম্ভাব্য হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

চিকিৎসা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আহত চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং বাকি তিনজন মাঝারি আঘাতপ্রাপ্ত।

ঘটনার পর নিরাপত্তা উদ্বেগের কারণে পশ্চিম তীরের কালকিলিয়ার নিকটবর্তী তজুর ইৎজাক বসতির বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড। কর্তৃপক্ষের আশঙ্কা, হামলার সঙ্গে জড়িত আরেকজন সন্দেহভাজন এখনো পলাতক থাকতে পারে।

এদিকে হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হামলাকারীদের হত্যা করা উচিত এবং জীবিত আটক হলে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানানো হবে।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Home R3