১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল আটকে দিল সর্বোচ্চ আদালত

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল আটকে দিল সর্বোচ্চ আদালত

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে সংসদে পাস হওয়া একটি বিল আটকে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালত বলেছে, প্রস্তাবিত আইনটি নাগরিকদের মতপ্রকাশ ও যোগাযোগের স্বাধীনতা ক্ষুণ্ণ করার পাশাপাশি ব্যক্তিজীবনের গোপনীয়তা সুরক্ষায় প্রয়োজনীয় আইনি নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ফ্রান্সের কনস্টিটিউশনাল কাউন্সিল বিলটির গুরুত্বপূর্ণ কয়েকটি বিধান বাতিল করে। এতে রাজনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। এর আগে তিনিই সরকারকে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে বিলটি নতুন করে তৈরির নির্দেশ দিয়েছিলেন।

সংসদে পাস হওয়া বিল অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছিল। ইতোমধ্যে খোলা অ্যাকাউন্টগুলোও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে চার মাসের মধ্যে বন্ধ করে দিতে হতো।

এ ছাড়া ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য ফ্রান্সের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রকের অনুমোদিত একটি ব্যবস্থা চালুর বাধ্যবাধকতা রাখা হয়েছিল। তবে কনস্টিটিউশনাল কাউন্সিল বলেছে, বয়স প্রমাণের বাধ্যবাধকতা থাকলেও সেই তথ্য কোন শর্তে, কীভাবে এবং কতটা সীমার মধ্যে সংগ্রহ ও সংরক্ষণ করা হবে, তা বিলে স্পষ্ট করা হয়নি।

আদালতের ভাষ্য, বিতর্কিত বিধানটি একদিকে মতপ্রকাশ ও যোগাযোগের স্বাধীনতার ওপর অতিরিক্ত হস্তক্ষেপ করেছে, অন্যদিকে ব্যক্তিগত জীবনের অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষাও নিশ্চিত করেনি।

গত জুলাইয়ে ফরাসি আইনপ্রণেতারা বিলটি পাস করেছিলেন। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার পর ফ্রান্সই ইউরোপের প্রথম দেশ হিসেবে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেয়।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ কয়েকটি বড় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করে। তবে সেখানে নিষেধাজ্ঞার ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর আইন অমান্যকারী প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে চীন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কও শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ বা বাস্তবায়নের পরিকল্পনা করছে।

এর আগে গত এপ্রিলে প্রেসিডেন্ট মাক্রোঁ তরুণদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার থেকে বিরত থেকে বই পড়ার মাধ্যমে ভালো নাগরিক হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, ২০২৭ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে সংশোধিত আইন আনার বিষয়ে মাক্রোঁ দৃঢ়প্রতিজ্ঞ। তবে সংবিধান অনুযায়ী তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে জানিয়েছে রয়টার্স।

অন্যদিকে, ঢালাও নিষেধাজ্ঞার পরিবর্তে নিজেদের নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা বলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো। তবে ফরাসি আদালতের সর্বশেষ রায়ের বিষয়ে গুগল, মেটা, স্ন্যাপ ও টিকটক তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

Home R3