নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ভারতের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে চলা চাকরিপ্রার্থীদের মিছিলে ব্যাপক দমনপীড়ন চালিয়েছে পুলিশ। বিধানসভার অদূরে জগন্নাথপুর মন্দিরের কাছে আন্দোলনকারীরা পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার গ্যাস ও বেপরোয়া লাঠিচার্জ করা হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী আহত হয়েছেন।
নিয়োগসংক্রান্ত ১৩টি পরীক্ষা বাতিলের দাবি নিয়ে সরকারের সঙ্গে একাধিক দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর ১৭তম দিনে এই বিক্ষোভ চরম আকার ধারণ করে। আন্দোলনকারীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর আমূল সংস্কার দাবি করছেন। পাশাপাশি পুরো দুর্নীতির নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই (CBI) অথবা ভিন রাজ্যের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে তদন্তের জোর দাবি জানান তাঁরা।
এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া ও কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়েছে। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়ে গণতান্ত্রিক কণ্ঠস্বর চেপে ধরার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার দাবি করেছেন, সরকার চাকরিপ্রার্থীদের সিংহভাগ দাবি ইতোমধ্যে মেনে নিয়েছে। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করার অভিযোগ তোলেন তিনি।
সূত্র: এনডিটিভি