দীর্ঘ ৫৩ বছর পর এনবিএ চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে নিউইয়র্কের টাইমস স্কয়ারে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। উল্লাসের মধ্যেই আকস্মিক গোলাগুলি, ছুরিকাঘাত ও ভাঙচুরের ঘটনায় অন্তত ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক নিক্সের ঐতিহাসিক জয়ের পর হাজারো সমর্থক টাইমস স্কয়ারে জড়ো হন। তবে উদযাপনের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৪২তম স্ট্রিট ও ব্রডওয়ের সংযোগস্থলের কাছে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে ভীতসন্ত্রস্ত মানুষ দিকবিদিক ছুটতে শুরু করেন। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়। ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় পুলিশ নিজেদের গাড়িতে করে তাকে হাসপাতালে নেয়। একই সময় ছুরিকাঘাতের ঘটনায় আরও চারজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে এক ব্যক্তির কাছ থেকে একটি লোড করা পিস্তল উদ্ধার করা হয়। তবে সহিংসতা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন স্থানে। উত্তেজিত জনতার একাংশ পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সড়কবাতি ও ট্রাফিক সিগন্যালের খুঁটিতে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়া জনসমাগমের মধ্যেই আতশবাজি ফোটানো হয়।
সহিংসতার মধ্যে ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ব্যবহৃত কিছু পরিবহন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি স্কুল বাসে আগুন দেওয়া হয় এবং পুলিশের পাঁচটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
এই সংঘর্ষে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে মুখে আঘাত করা হয়েছে এবং আরেকজনকে কাঁচের বোতল দিয়ে আঘাত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, অবৈধ অস্ত্র বহন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৩ সালের পর এই প্রথম এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছে নিউইয়র্ক নিক্স। এই জয় উদযাপনে আগামী বৃহস্পতিবার (১৮ জুন) একটি বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তবে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি