দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া-এর সভাপতি নির্বাচিত হয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতী ও বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি চিন্তাবিদ মুফতী মুহাম্মাদ ত্বকী উসমানী।
বৃহস্পতিবার (২ জুলাই) করাচির জামিয়া দারুল উলুমে অনুষ্ঠিত বেফাকুল মাদারিসের যৌথ নির্বাচনী সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
পাকিস্তান বেফাকের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সংগঠনের নাযিমে আলা হিসেবে মাওলানা মুহাম্মাদ হানীফ জালান্ধরী টানা সপ্তমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মুফতী মুহাম্মাদ ত্বকী উসমানীর নাম এবং নাযিমে আলা পদে মাওলানা মুহাম্মাদ হানীফ জালান্ধরীর নাম প্রস্তাব করেন মাওলানা ফজলুর রহমান। সভায় উপস্থিত এক হাজারেরও বেশি সদস্য সর্বসম্মতিক্রমে উভয় নেতার প্রতি আস্থা প্রকাশ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, নবনির্বাচিত সভাপতি মুফতী মুহাম্মাদ ত্বকী উসমানী এবং নাযিমে আলা মাওলানা মুহাম্মাদ হানীফ জালান্ধরী আগামী পাঁচ বছর বেফাকুল মাদারিসের নেতৃত্ব প্রদান করবেন।
নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, নতুন নেতৃত্ব দেশের মাদরাসাগুলোর ঐক্য সুদৃঢ় করা এবং ইসলামী মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, সফল আন্দোলন নীতি, কৌশল ও সুস্পষ্ট দিকনির্দেশনার ভিত্তিতে এগিয়ে যায়। মতপার্থক্য থাকলেও তা পারস্পরিক সম্মান, যুক্তি ও সংলাপের সীমার মধ্যেই থাকা উচিত।
সূত্র: ডেইলি জঙ্গ