ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যন্তর মন্তরের বিক্ষোভস্থল তুলনামূলক শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংসদ মার্গে অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বিক্ষোভকারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়।
দিল্লি পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার (এএসিপি), একজন ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল ও একজন কনস্টেবলসহ মোট পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সংসদ মার্গের পার্ক হোটেল সংলগ্ন এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিক্ষোভকারীদের একাংশের উশৃঙ্খল আচরণের অভিযোগ তুলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় এক পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানায় এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করে। পাশাপাশি বিক্ষোভস্থলের স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনা হয়, যারা আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান জানান। তারা সতর্ক করেন, সহিংসতা আন্দোলনের অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এ সময় লাউডস্পিকারযুক্ত একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায় প্রদক্ষিণ করানো হয়। মাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয় বিক্ষোভকারীদের প্রতি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট সেবা স্থগিত রাখতে টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: হিন্দুস্তান টাইমস