২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ১১

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।

রোববার (২৩ আগস্ট) তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র মর্মান্তিক এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

প্রশাসনিক সূত্র জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে সাগর ও উপকূলজুড়ে কোস্টগার্ড, সেনাবাহিনী এবং সিভিল প্রটেকশন বিভাগ যৌথভাবে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে দুটি সামরিক হেলিকপ্টারও নিয়োজিত করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল নৌকাটি। আরোহীদের বড় অংশই ছিলেন তরুণ। তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, নৌকাটিতে একই পরিবারের সাত সদস্য ছাড়াও এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামী ছিলেন।

দুর্ঘটনার পর সাগরে প্রায় ৪৮ ঘণ্টা ভেসে থাকার পর কেবল এক তরুণকে জীবিত উদ্ধার করে একটি বাণিজ্যিক জাহাজ। নৌকার সব যাত্রীই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেন গেরদানে শহরের বাসিন্দা। নিখোঁজ স্বজনদের দ্রুত উদ্ধারের দাবিতে শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করলে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Home R3