৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গরু শুধুমাত্র পশু নয়, ‘মা’ হিসেবে অর্ঘ্য নিবেদনেরও পাত্র: যোগী আদিত্যনাথ

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে শুধু একটি পশু হিসেবে দেখার প্রবণতার সমালোচনা করে বলেছেন, ভারতীয় সংস্কৃতিতে গরু ‘মাতা’ হিসেবে সম্মানিত এবং অর্ঘ্য নিবেদনের পাত্র।

সোমবার (১ জুন) এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সাম্প্রতিক সময়ে গরুকে জাতীয় প্রাণী ঘোষণার দাবিতে হওয়া বিক্ষোভ ও বিভিন্ন ধর্মীয় নেতাদের বক্তব্যের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “কোনো সন্তানকেই মায়ের সম্মান রক্ষার কথা আলাদা করে শেখাতে হয় না।”

তিনি আরও দাবি করেন, যারা গরুকে শুধু একটি প্রাণী হিসেবে দেখে, তারাই গরু হত্যাকে সমর্থন করে। একই সঙ্গে কিছু মুসলিম ধর্মীয় নেতার পক্ষ থেকে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবির কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ছবি দিয়ে শুভেচ্ছা জানানোর বিরোধিতা করে তিনি মুসলিম ধর্মীয় নেতাদের এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করার আহ্বান জানান।

উত্তরপ্রদেশে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গরু সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও দাবিকে ঘিরে ভারতের বিভিন্ন অঞ্চলে আলোচনা ও বিক্ষোভ দেখা দিয়েছে, যা দেশটির সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে।

Home R3