৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার ইউরোপে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর

যুক্তরাজ্যে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বিশ্বমঞ্চে লাল-সবুজের গৌরব তুলে ধরেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। ম্যানচেস্টারের বোল্টনে ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন কম্পিটিশন-২০২৬’-এ অংশ নিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন।

বোল্টনে অবস্থিত ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের মোট ১১০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরের ‘A2’ গ্রুপে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন হাফেজ সাদ। তার বিশুদ্ধ তেলাওয়াত ও সুললিত কণ্ঠ বিচারকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর রাজধানী ঢাকার মিরপুর-১–এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কিতাব বিভাগের শিক্ষার্থী। এর আগেও এই প্রতিষ্ঠান থেকে হাফেজ সালেহ আহমদ তাকরীম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজ সৌদি আরব, দুবাই, ইরান ও তুরস্কের মতো আন্তর্জাতিক মঞ্চে প্রথম স্থান অধিকার করে বৈশ্বিক পরিচিতি এনে দিয়েছিলেন। হাফেজ সাদের অর্জনের মাধ্যমে সেই ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে গেল।

হাফেজ সাদের এই আন্তর্জাতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, “আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নুরের এই অর্জন শুধু আমাদের নয়, বরং গোটা বাংলাদেশের গৌরব। কুরআনের আলো ও আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করাই আমাদের মূল লক্ষ্য।”

বিদেশে বাংলাদেশের এই সাফল্য দেশের তরুণ কুরআন শিক্ষার্থীদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন বিশিষ্ট আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Home R3