৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: মন্তব্য নুরুল হক নুরের

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত।” তিনি অভিযোগ করেন, বিভিন্নভাবে ভিডিও ও ফটোকার্ড তৈরি করে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। দীর্ঘ সময়ের শাসনব্যবস্থার পরিবর্তনের পর এখন একটি সরকার দায়িত্ব নিয়েছে, অথচ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে।

সরকারের বিকল্প প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, সরকার দায়িত্ব ছেড়ে দিলে দেশ পরিচালনার জন্য উপযুক্ত নেতৃত্ব কে দেবে—সেই প্রশ্নের উত্তরও থাকা প্রয়োজন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের নেতৃত্বে স্থিতিশীলতা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

এসময় তিনি এনসিপির সমালোচনা করে বলেন, দলটি বর্তমানে রাজনীতিতে ‘বিষ ফোঁড়া’ হিসেবে আবির্ভূত হয়েছে। তার অভিযোগ, এনসিপি নিজস্ব শক্তিতে নয়, বরং বাইরের প্রভাবের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Home R3