২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, বিগত সময়ে দেশের পুরো ব্যবস্থাটি দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়ার কারণে সংকট আরও গভীর হয়েছে এবং দেশকে সঠিকভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি স্পষ্ট করেন যে কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “ভারতের সরকার হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে না চেয়ে বিষয়টি জুডিশিয়ারির ওপর ছেড়ে দিচ্ছে, যা তার জন্য খুব একটা সুখকর নয়। তবে বাংলাদেশ সব পলাতক আসামিকে ফেরত চায়।” এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে তিনি জানান, কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছিল; সরকার যেকোনো সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সবসময় উৎসাহিত করে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গত ছয় মাসে গণমাধ্যমে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি এবং কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে এবং সরকারের সমালোচনা করার অধিকার সবার আছে, তবে রাষ্ট্রবিরোধী কোনো সংবাদ প্রচার করা সমীচীন নয়। কারণ সরকার ও রাষ্ট্র এক বিষয় নয়।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে কথা বলেন। তিনি জানান, গ্যাসের কার্গো সরবরাহে কিছুটা জটিলতা থাকলেও তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত এই সংকট কাটিয়ে জ্বালানি খাতকে পুরোপুরি স্বাভাবিক ও ভালো অবস্থায় ফেরাতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

Home R3