১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাকে ছাড়া ইসরাইলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ব্যক্তিগত ভূমিকা ও যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরাইল রাষ্ট্র টিকে থাকতে পারত না। এমনকি তিনি না থাকলে দেশটির কোনো অস্তিত্বই থাকত না বলেও মন্তব্য করেছেন তিনি।

চলমান জি-৭ সম্মেলন-এর সাইডলাইনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-এর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প।

বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন দীর্ঘদিন ধরেই ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ না করলে দেশটির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ত। তার মতে, অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে তার মতো কঠোর পদক্ষেপ নিতে পারতেন না।

একই সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। বিশেষ করে লেবানন ইস্যুতে তিনি নেতানিয়াহুকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। ট্রাম্প সতর্ক করে বলেন, লেবাননে ইসরাইলের ধারাবাহিক সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে।

লেবাননের অতীত প্রসঙ্গে তিনি বলেন, দেশটি একসময় মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক সমাজ হিসেবে পরিচিত ছিল। কিন্তু চলমান সংঘাতের কারণে দেশটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে।

এর আগে, সম্প্রতি এক ফোনালাপেও ট্রাম্প নেতানিয়াহুর যুদ্ধকালীন সিদ্ধান্ত ও বিচারবোধ নিয়ে সমালোচনা করেছিলেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করতে পারে এবং ইসরাইল সরকারের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়াতে পারে।

সূত্র: আল জাজিরা

Home R3