১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরাও ভারতের জমি দখল করে রেখেছি: নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দাবি করেছেন, ভারত যেমন নেপালের কিছু ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, তেমনি নেপালও ভারতের কিছু অংশ নিজেদের দখলে রেখেছে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

রোববার (৩১ মে) নেপালের পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিরসনে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি এ বিষয়ে আন্তর্জাতিক মধ্যস্থতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শাহ বলেন, ক্ষমতায় আসার পর তিনি জানতে পেরেছেন যে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যেই বিভিন্ন অঞ্চলে জটিলতা রয়েছে। তাই বিষয়টি ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে বিরোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যেকোনো মূল্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।

এদিকে নেপাল ইতোমধ্যে ভারত ও চীনের পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গেও আলোচনার কথা জানিয়েছে। দেশটির দাবি, ব্রিটিশ ঔপনিবেশিক সময়কাল থেকেই এই সীমান্ত সমস্যার সূচনা।

অন্যদিকে ভারত এর আগেই নেপালের দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে, তাদের অবস্থান দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ও স্পষ্ট। বিশেষ করে লিপুলেখ পাসকে ঐতিহ্যগত তীর্থযাত্রার পথ হিসেবে উল্লেখ করেছে ভারত।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

Home R3