জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ সন্ত্রাসের জন্য প্রস্তুত নয়। ইনশাআল্লাহ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াব এবং লড়াই করব। এর পরিণতি দুটি হতে পারে- হয় জেলে যাব, না হয় কবরে যাব। কিন্তু কারও সঙ্গে আপস হবে না, কারও কাছে মাথা নত করব না। এটি আজাদীর বাংলাদেশ, এটি ওসমান হাদীর বাংলাদেশ।
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঘরে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, শুরু হয়েছে জ্বালানি সংকট। ব্যাংকে টাকা নেই এবং পুরো দেশজুড়ে চলছে দলীয় সন্ত্রাস।
তিনি আরও বলেন, ভারতে মোদি যেভাবে কথা বলেন, বাংলাদেশেও আমরা সেই কথার প্রতিধ্বনি শুনছি। অনেকে বলেন, দেশে নাকি আবার ফ্যাসিবাদ আসা শুরু করেছে; আবার কেউ কেউ প্রশ্ন তোলেন, পাঁচ মাসে কীভাবে তা সম্ভব? আসলে ফ্যাসিবাদ নতুন করে আসেনি, ফ্যাসিবাদ আগে থেকেই রয়েছে এবং তারেক রহমান এখন সেটির ওপর বসেছেন। আগে এই ফ্যাসিবাদের চেয়ারে ছিলেন শেখ হাসিনা। কথা ছিল ফ্যাসিবাদের চেহারা ও চেয়ার—দুটোই বাদ যাবে এবং ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক হবে। কিন্তু তারেক রহমান সেই পথে না হেঁটে সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন।