২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ভারতের কেন্দ্রীয় সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির মুখপাত্র সৌরভ দাস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

শনিবার (২৫ জুলাই) দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিজেপির চার দফা দাবির মধ্যে ছিল: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আরএএফ ও দিল্লি পুলিশের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া। এরই মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সিজেপি জানায়, সরকার তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলটির ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেও আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সৌরভ দাস বলেন, সারা দেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে। ভবিষ্যতেও বিক্ষোভকারী বা আয়োজকদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সরকার লিখিতভাবে জানাবে বলেও তিনি জানান।

এ ছাড়া প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকার সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষা ও পরীক্ষা সংস্কার বিষয়ে আগামী চার সপ্তাহের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

Home R3