১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লেবাননে হামলা করায় নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগাল করলেন ট্রাম্প

লেবাননে ইসরাইলের সামরিক আগ্রাসন ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে। এতে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে জানা যায়, স্থানীয় সময় সোমবার (১ জুন) দুই নেতার মধ্যে হওয়া ওই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর নীতির সমালোচনা করেন এবং তাকে কঠোর ভাষায় সতর্ক করেন। সূত্রগুলোর দাবি, তিনি নেতানিয়াহুর সাম্প্রতিক পদক্ষেপকে অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনা বাড়ানোর কারণ হিসেবে দেখেন।

দুটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানায়, ওই ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলেন ট্রাম্প। তার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন তিনি। একই সঙ্গে বৈরুতে হামলা চালানোর ইসরাইলি পরিকল্পনায় আপাতত রাশ টেনেছেন ট্রাম্প।

একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, বৈরুতে বড় ধরনের হামলা চালানো হলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। একই সঙ্গে তিনি এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

ফোনালাপের পর একটি ইসরাইলি সূত্র জানায়, বৈরুতে সম্ভাব্য বড় ধরনের হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং তাকে বৈরুতে বড় হামলা না চালানোর অনুরোধ করেছেন। তার দাবি, এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, লেবাননে উত্তেজনা বৃদ্ধি পেলে ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে—এ নিয়েও উদ্বিগ্ন ছিলেন ট্রাম্প।

অন্যদিকে নেতানিয়াহুও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, এটি কোনো চাপের বিষয় নয় এবং পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী ইসরাইল তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য নতুন নয়। সাম্প্রতিক এই ফোনালাপ সেই উত্তেজনাকেই আরও স্পষ্ট করেছে।

তথ্যসূত্র: অ্যাক্সিওস

Home R3