৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাংক হিসাবে হঠাৎ ৯৮০ কোটি টাকা, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

ব্যাংক থেকে সামান্য টাকা তুলতে গিয়ে অবিশ্বাস্য এক ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক দরিদ্র গৃহবধূ। তার ব্যাংক হিসাবে হঠাৎ দেখা যায় প্রায় ৯৮০ কোটি টাকার সমপরিমাণ অর্থ, যা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েন তিনি।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার কালিকাপুর গ্রামে। গৃহবধূ সেরিফা খাতুন জানান, তার স্বজনরা তামিলনাড়ু থেকে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার হিসাবে ৩ হাজার রুপি পাঠিয়েছিলেন। সেই টাকা তুলতে গিয়ে তিনি অ্যাকাউন্টে ৭৫৯ কোটি রুপির বেশি অর্থ দেখতে পান।

অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য সেরিফা খাতুন বলেন, হঠাৎ এত বিপুল পরিমাণ অর্থ দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি ও থানায় অবহিত করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভার সমস্যার কারণে এ ধরনের ভুল ব্যালেন্স প্রদর্শিত হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে একই দিনে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর ধুলাগাঁও গ্রামেও অনুরূপ ঘটনা ঘটে। সেখানে স্বপ্না বর্মন নামে এক নারী ব্যাংক স্টেটমেন্টে প্রায় ৭৪০ কোটি রুপি দেখতে পান। পরে পুনরায় যাচাই করে দেখা যায়, তার অ্যাকাউন্টে প্রকৃতপক্ষে রয়েছে মাত্র ২০২ রুপি।

পুলিশ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

Home R3