২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে আর মব কালচার থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে আর ‘মব কালচার’ থাকতে দেওয়া হবে না।

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে রাতারাতি বড় পরিবর্তন সম্ভব নয়। ধাপে ধাপে পরিস্থিতির উন্নয়ন ঘটানো হচ্ছে।

জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, বাজারে কিছু কালোবাজারির ঘটনা ঘটলেও এ নিয়ে সরকার দোষারোপের রাজনীতি করতে চায় না। আইনশৃঙ্খলা বাহিনী জ্বালানি তেল বা পেট্রোলিয়ামজাত পণ্য পাচার প্রতিরোধে সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে। এ ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের মাধ্যমে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে। অতীতের স্বৈরশাসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার সমাধানের পথে অগ্রসর হতে চায় বলেও উল্লেখ করেন তিনি।