যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের চারটি বরোতে রেকর্ডসংখ্যক ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। টাওয়ার হ্যামলেটস, নিউহাম, রেডব্রিজ এবং বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম—এই এলাকাগুলোতে তাদের উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন হোসেইন মোহাম্মদ এনামুল, মঈন কাদরী, অজন্তা দেব রায়, রাবিনা খান, সাঈদা চৌধুরী, সৈয়দা সায়মা আহমেদ, আবু তালহা চৌধুরী, শাফিক ইসলাম, ওলিউর রহমান ও শেনালিসহ আরও অনেকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে অন্যতম বড় অর্জন। এবারের নির্বাচনে তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নেন, যার মধ্যে ৮০ জন বিজয়ী হন। বিজয়ীরা বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত হয়েছেন।
টাওয়ার হ্যামলেটসে সবচেয়ে বড় সাফল্য এসেছে। ৪৫ সদস্যের কাউন্সিলে এসপায়ার পার্টি ৩৩টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, এবং দলটির সব নির্বাচিত কাউন্সিলরই বাংলাদেশি বংশোদ্ভূত। এছাড়া লেবার পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি থেকেও বাংলাদেশি প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
এছাড়া টানা চতুর্থবারের মতো টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। তিনি বড় ব্যবধানে লেবার পার্টির প্রার্থীকে পরাজিত করেন।
নিউহাম বরোতেও বাংলাদেশি প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে একাধিক প্রার্থী নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে, লেবার পার্টির প্রার্থী হিসেবে ফরহাদ হোসেন নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে যুক্তরাজ্যের মূলধারার বড় দলের হয়ে প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন।
রেডব্রিজ বরোতে লেবার পার্টি ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বিশেষ করে ইলফোর্ড এলাকার বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলে তাদের প্রভাব আরও দৃশ্যমান হয়েছে।
অন্যদিকে বার্কিং অ্যান্ড ড্যাগেনহামে লেবার ও গ্রিন পার্টির হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
পর্যবেক্ষকদের মতে, যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ ও প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এবং এবারের নির্বাচন সেই অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।