শব্দদূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ। অভিযোগের ভিত্তিতে রাজ্যজুড়ে মাত্র দুই দিনের অভিযানে প্রায় দেড় হাজার ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার বা মাইক অপসারণ করা হয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টির দায়ে ১ হাজার ২৭৯টি মসজিদ এবং ১৯৯টি মন্দিরকে তাদের লাউডস্পিকার সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়।
পশ্চিমবঙ্গ প্রশাসন জানায়, আদালতের নির্দেশনা ও পরিবেশ আইনের আওতায় নির্ধারিত ডেসিবেল সীমার বাইরে মাইক ব্যবহার করা যাবে না। নিয়ম লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে কলকাতা হাই কোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের একাধিক রায়ে উপাসনালয়ে মাইক ব্যবহারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। শব্দদূষণ নিয়ন্ত্রণে নির্দিষ্ট সীমা মেনে চলার নির্দেশনা রয়েছে।
তবে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণের ঘটনায় আপত্তি জানিয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ও পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। তাদের দাবি, আদালতের নির্দেশ শব্দের মাত্রা নিয়ন্ত্রণে সীমাবদ্ধ, সম্পূর্ণ অপসারণে নয়।
এদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠানে মাইকের ব্যবহার প্রয়োজন নেই; নিজ নিজ স্থানে ধর্মীয় কার্যক্রম পালনের আহ্বান জানান তিনি।
প্রশাসনের এ পদক্ষেপ এবং রাজনৈতিক প্রতিক্রিয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।