২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালে নতুন টিভিডিই আইন; বদলেছে ভাড়া ও নজরদারির নিয়ম

পর্তুগালে উবার ও বোল্টের মতো অ্যাপভিত্তিক যাত্রী পরিবহন সেবা টিভিডিইর নতুন আইন ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। আইন নম্বর ৫৯/২০২৬-এর মাধ্যমে ভাড়া, চালকদের প্রশিক্ষণ, ভিডিও নজরদারি ও সরকারি পর্যবেক্ষণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন আইনে নির্দিষ্ট শর্তে ট্যাক্সি চালকদেরও অনুমোদিত টিভিডিই প্ল্যাটফর্মে কাজের সুযোগ দেওয়া হয়েছে। ডায়নামিক ভাড়ার ক্ষেত্রে আগের সর্বোচ্চ দ্বিগুণের সীমা তুলে দেওয়া হলেও ভাড়া বাড়ানোর কারণ যাত্রীকে জানাতে হবে।

নিরাপত্তার জন্য চালক ও যাত্রীর সম্মতিতে গাড়িতে ভিডিও ধারণ করা যাবে। তবে অডিও রেকর্ড করা যাবে না।

চালকদের কমপক্ষে ৫০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে এবং ৩০ প্রশ্নের পরীক্ষায় অন্তত ২৭টি সঠিক উত্তর দিতে হবে। গাড়িতে আইএমটির অনুমোদিত পরিচয়চিহ্নও বাধ্যতামূলক করা হয়েছে।

অবৈধ টিভিডিই কার্যক্রম ঠেকাতে সরকারি তথ্য আদান-প্রদানের ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। পাশাপাশি গাড়িতে বিজ্ঞাপনের সুযোগ বাড়ানো হয়েছে।

এদিকে, ট্যাক্সি সংগঠন আনত্রাল ও এফপিটি আইনের কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে এবং সাংবিধানিক আদালতে যাওয়ার উদ্যোগের কথা জানিয়েছে। ট্যাক্সির নতুন ভাড়া কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।

Home R3