নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বললেন আইজেনকোট

অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাধারণ নির্বাচনের বুথফেরত সমীক্ষার ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গ্যাডি আইজেনকোট। জনগণ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকার বিরুদ্ধে ভোট দিয়েছে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোটগ্রহণ শেষে দলের সদর দফতরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন আইজেনকোট। প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলোর বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর লিকুদ পার্টিকে একক বৃহত্তম দল হিসেবে দেখা গেলেও কোনো জোটই ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস পায়নি। নেতানিয়াহুবিরোধী জোট সামান্য এগিয়ে থাকলেও ফলাফলে অনিশ্চয়তা রয়েছে এবং আরব দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আইজেনকোট বলেন, এগুলো এখনও বুথফেরত সমীক্ষার ফলাফল এবং আমাদের চূড়ান্ত গণনার জন্য অপেক্ষা করতে হবে। তবে এটি ইতোমধ্যেই স্পষ্ট, আজ রাতে নেতানিয়াহু একটি বৃহত্তম ও শক্তিশালী সিয়োনিস্ট, দায়িত্বশীল সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি হয়েছেন।

নির্বাচনী রায়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। ব্যর্থতার জোট জনগণের আস্থা হারিয়েছে। ইসরাইলি জনগণ নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকার বিরুদ্ধে ভোট দিয়েছে।

নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে আইজেনকোট বলেন, জনগণের এই অনাস্থার রায় মেনে নিন এবং রাজনীতি থেকে বিদায় নিন। তিনি আরও বলেন, এত উচ্চসংখ্যক ভোটার উপস্থিতির পর আরেকটি নির্বাচন আয়োজন করা ভুল হবে।

Home R3