বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের প্রতারণা করে যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া: জাতিসংঘ

বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিককে বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ এবং ইউক্রেনের যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের ইউক্রেনবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন।

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদেশি নাগরিকদের নিরাপত্তাকর্মী, চালক, নির্মাণশ্রমিক ও অন্যান্য পেশায় উচ্চ বেতনের চাকরির প্রস্তাব দিয়ে রাশিয়ায় নেওয়া হতো। পরে রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে সই করতে বাধ্য করে তাঁদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো।

তদন্তে উঠে এসেছে, অনেকের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। সামরিক দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে মারধর, কারাবাস ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের কেউ নিহত হয়েছেন, কেউ নিখোঁজ হয়েছেন, আবার কেউ বন্দি হয়েছেন বলে জানিয়েছে কমিশন।

এদিকে, গত ১৪ অক্টোবর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, নির্মাণশ্রমিকের চাকরির প্রলোভনে অন্তত ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যুদ্ধে বাধ্য করা হয়। তাঁদের মধ্যে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এসআরবির তথ্য অনুযায়ী, এ ঘটনায় মানবপাচার চক্রের সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি বাংলাদেশিদের মধ্যে দুজন আহত অবস্থায় দেশে ফিরেছেন, দুজন মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন এবং ছয়জন এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন।

Home R3