৪ বছরের মধ্যে সর্বোচ্চ চূড়ায় ইউরোপের গ্যাসের দাম

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শীতের আগে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় ইউরোপের বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে।

শুক্রবারের লেনদেন শেষে সোমবার (২৬ অক্টোবর) বাজার খোলার পর ইউরোপীয় গ্যাস সূচক ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম ৯৭ ইউরো ছাড়িয়ে যায়, যা প্রায় ১০৮ দশমিক ৮ ডলারের সমান। ২০২২ সালের ডিসেম্বরের পর গ্যাসের দাম এত বেশি হতে দেখা যায়নি।

দাম বৃদ্ধির অন্যতম কারণ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়া। বিশ্বের মোট এলএনজি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ এই অঞ্চল থেকে সরবরাহ করা হয়। চলমান সংঘাতের কারণে গত বছরের একই সময়ের তুলনায় অঞ্চলটি থেকে গ্যাস সরবরাহ প্রায় ৮০ শতাংশ কমেছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস মজুদ পরিস্থিতিও উদ্বেগজনক। গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপের তথ্য অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলোর সংরক্ষণাগারে বর্তমানে ধারণক্ষমতার মাত্র ৭৪ দশমিক ৬ শতাংশ গ্যাস মজুদ রয়েছে। বছরের এই সময়ের স্বাভাবিক গড়ের তুলনায় এ মজুদের পরিমাণ কম।

বিশ্ববাজারে গ্যাসের সরবরাহ হ্রাস এবং অভ্যন্তরীণ মজুদে ঘাটতির কারণে শীত মৌসুম শুরুর আগেই ইউরোপের জ্বালানি বাজারে চাপ বাড়ছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

Home R3