৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচনে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি: ইইউ নির্বাচন মিশন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে এ ধরনের কোনো অনিয়ম তাদের পর্যবেক্ষণে ধরা পড়েনি। তবে এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে উত্থাপন করা যেতে পারে।

প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা উন্নয়নে মোট ১৯টি সুপারিশ করা হয়েছে, যার মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইইউ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে প্রার্থিতা ও অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাবে।

ইভার্স ইজাবস আরও উল্লেখ করেন, ২০০৮ সালের পর এ ধরনের একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা পুনর্গঠনে সহায়ক হয়েছে। একইসঙ্গে সুশাসন প্রতিষ্ঠার পথও সুগম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ছিল এবং ফলাফল প্রকাশ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতার অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীরা স্বচ্ছভাবে প্রচারণা চালাতে পেরেছেন এবং যেকোনো রাজনৈতিক সংকট মোকাবিলায় সংলাপের সুযোগ ছিল।

তবে নির্বাচন সংশ্লিষ্ট আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে আরও কাজ করার প্রয়োজন রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।