২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চিন্ময় কৃষ্ণের মুক্তির পথ সুগম করতে ব্যবস্থা নেব: সংস্কৃতিমন্ত্রী

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস-এর মুক্তির পথ সুগম করতে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির-এ ‘মহানগর পরিবার দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কী অভিযোগে তাকে আটক রাখা হয়েছে, সে বিষয়ে তিনি খোঁজ নেবেন। খুব শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে পাহাড়ি ও সমতলের জনগোষ্ঠী, উপজাতি, জাতিসত্তা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ নানা সম্প্রদায়ের বসবাস রয়েছে। এসব জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সরকার কাজ করছে এবং এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। একইসঙ্গে ঢাকেশ্বরী মন্দিরকে প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সরকারের নীতির বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা থাকা স্বাভাবিক হলেও এসব বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না বলেও প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

Home R3