৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চালু হতে না হতেই টিকিট জালিয়াতি শুরু জুলাই স্মৃতি জাদুঘরে

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে।

রক্তে লেখা জুলাইয়ের স্মৃতি ধরে রাখতে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর চালুর প্রথম দিনেই টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। দর্শনার্থীদের অভিযোগ, শিশুদের জন্য নির্ধারিত ২০ টাকার টিকিট হাতে ধরিয়ে দিয়ে অনেক প্রাপ্তবয়স্কের কাছ থেকে নেওয়া হয়েছে ৫০ টাকা করে।

জাদুঘরে প্রবেশের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রয়েছে। শিশুদের টিকিটের মূল্য ২০ টাকা এবং প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা।

তবে উদ্বোধনের প্রথম দিনেই টিকিট বিক্রিতে জালিয়াতির অভিযোগ তুলেছেন একাধিক দর্শনার্থী। তাদের দাবি, প্রাপ্তবয়স্কদের ৫০ টাকা নেওয়ার পরও অনেককে দেওয়া হয়েছে শিশুদের ২০ টাকার টিকিট। ফলে টিকিটের ধরন ও আদায় করা অর্থের মধ্যে তৈরি হয়েছে অসঙ্গতি।

ছবিতে থাকা ব্যক্তিরও একই ধরনের অভিজ্ঞতার কথা জানা গেছে। তাকে শিশুদের টিকিট দেওয়া হলেও প্রাপ্তবয়স্কদের নির্ধারিত ৫০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জুলাইয়ের আন্দোলনে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের রক্ত ঝরেছে। সেই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত একটি জাদুঘরের কার্যক্রমের শুরুতেই এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা টিকিট বিক্রির প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

Home R3