কত বুলডোজার আছে, আমার বুকের ওপর দিয়ে চালিয়ে দাও: মমতা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, তোমাদের কাছে কতগুলো বুলডোজার আছে? এসো, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার শরীরের ওপর দিয়ে, আমার বুকের ওপর দিয়েই বুলডোজার চালিয়ে দাও। আমি দেখতে চাই তোমাদের কত সাহস!

সংসদ সদস্য ও ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়ের বাসভবনে হামলা এবং কলকাতার কালীঘাটে ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনে বাধার অভিযোগ তুলে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

অভিষেক অভিযোগ করেন, শুক্রবার রাত ২টার দিকে কালীঘাট রোডে তার বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি-সমর্থিত দুর্বৃত্তরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের একটি অংশের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর এ হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। ঘটনাটিকে প্রাণনাশের চেষ্টা বলেও উল্লেখ করেন ডায়মন্ড হারবারের এই সংসদ সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, দুই দিন ধরে একটানা নজরদারির পর আজ রাত ২টায় এভাবেই আমার বাড়িতে বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে। ফুটেজ দেখুন এবং নিজেরাই বিচার করুন। একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে, তা কল্পনা করুন। গত ছয় মাসে আমার প্রাণনাশের এটি সপ্তম চেষ্টা। অথচ পুলিশের কোনও পদক্ষেপ নেই, বিচার বিভাগেরও কোনও হস্তক্ষেপ নেই।

Home R3