২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার পুরো ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিল ককরোচ পার্টি

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। এতে বলা হয়, প্রতিটি সমাবেশে শিক্ষার্থীদের মূল দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে এবং সম্মুখভাগ থেকেই তা পাঠ করে শোনাতে হবে।

একই সঙ্গে কর্মসূচি সফল করতে বিভিন্ন ছাত্র সংগঠন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভ কর্মসূচির অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলো সহজ করতে সমন্বিত উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আন্দোলনের ধারাবাহিকতা ও পরবর্তী কৌশল নির্ধারণে ইতোমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেছেন।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে বিক্ষোভ আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Home R3