আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর যারা হজে যাবেন, তাদের জন্য খরচ আরও কমানোর চেষ্টা করা হবে। আমরা চাই, হজযাত্রীরা যেন কম কষ্টে ও আরও ভালো ব্যবস্থাপনায় হজ পালন করতে পারেন।
তিনি জানান, বর্তমান সরকার ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করায় চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের সুযোগ সীমিত ছিল। তবে এর মধ্যেও প্রায় ১২ হাজার টাকা খরচ কমাতে সক্ষম হয়েছে সরকার।
হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন—দেশ ও জাতির জন্য দোয়া করবেন, যেন দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। পাশাপাশি তিনি হজযাত্রীদের সুস্থভাবে দেশে ফেরার জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর প্রথম ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব-এর উদ্দেশে যাত্রা করে।