১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাতে ক্যাম্পবেলটাউনের একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অভিযুক্ত ব্যক্তি নিজেই পুলিশে ফোন করে সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্ত্রী ও দুই সন্তানকে বাসার তিনটি আলাদা কক্ষে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে।

নিহতদের মধ্যে ৪৬ বছর বয়সী এক নারী ও তার ১২ ও ৪ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। ঘটনার পরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তারা একটি বাংলাদেশি পরিবার।

জানা গেছে, পরিবারটি প্রায় ১২ বছর আগে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করে। পরিবারের মা কর্মজীবী ছিলেন এবং বাবা বাসায় থেকে সন্তানদের দেখাশোনা করতেন। বড় সন্তানটি বিশেষ চাহিদাসম্পন্ন ছিল বলেও জানা গেছে।

এ মর্মান্তিক ঘটনায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।