জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় সমাবেশ ও গণমিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে চরমোনাই পীর সরাসরি মাঠে সক্রিয় ছিলেন এবং দলের অস্তিত্বের ঝুঁকি নিয়েই আন্দোলনে অংশ নেন।
তিনি আরও বলেন, আগামী ৫ আগস্ট জুলাইয়ের শক্তির পুনঃপ্রদর্শন করা হবে এবং প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নের দাবিতে রাজপথে জনসমাগম ঘটবে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সেদিন বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে এবং জোহরের নামাজের আগে গণমিছিল অনুষ্ঠিত হবে।
যৌথসভায় ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা ও আলহাজ আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতারা।