২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়ে আবেদন করা প্রায় ২ লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

পরিকল্পনাটি কার্যকর হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক লপ্তে সবচেয়ে বেশি সংখ্যক ভিসা বাতিলের ঘটনা। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ আদালতের মাধ্যমে আইনি বাধার মুখে পড়তে পারে।

মন্ত্রণালয়ের নথি এবং কর্মকর্তাদের তথ্যমতে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে যারা বি-ওয়ান (ব্যবসায়িক) এবং বি-টু (ভ্রমণ বা চিকিৎসা) ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরবর্তীতে আশ্রয়ের আবেদন করেছেন, তাদের মধ্য থেকে ২ লাখ জনের ভিসা বাতিল করা হতে পারে।

মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, অনেকেই স্বল্পমেয়াদী দর্শনার্থী ভিসায় এসে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিলে এমন আবেদনকারীদের শনাক্ত করে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্তভাবে কতজনের ভিসা বাতিল হবে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।

কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, ভিসা বাতিল হলেই কাউকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বের করে দেওয়া হবে না। তাদের বেশিরভাগকে একটি নতুন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হতে পারে, তবে তারা ব্যবসায়ী বা পর্যটক হিসেবে তাদের আগের মর্যাদা হারাবেন।

Home R3