১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদি হত্যার আসামিদের নিয়ে নতুন বার্তা দিল ভারত

**শেখ হাসিনার প্রত্যর্পণ ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত বিষয়ে দিল্লির বক্তব্য**

**আন্তর্জাতিক ডেস্ক:** সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে নতুন বক্তব্য দিয়েছে ভারত।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের ঠিক একদিন পর দিল্লির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো। ওই বৈঠকে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়টি উত্থাপিত হয়েছিল।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের প্রতিষ্ঠিত কার্যপ্রণালি অনুযায়ী আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

অন্যদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত এবং বর্তমানে ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি একটি আইনি প্রক্রিয়া এবং এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে।

সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এবং আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশগ্রহণের নিমন্ত্রণের বিষয়টিও উঠে আসে।

রণধীর জয়সওয়াল নিশ্চিত করেন যে, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

Home R3