২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাইতিতে রাতভর সন্ত্রাসী হামলায় নিহত ৪৭

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি পাহাড়ি জনপদে রাতভর সশস্ত্র গ্যাং দলের ভয়াবহ হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

সোমবার (২৪ আগস্ট) রাতে রাজধানী সংলগ্ন কেনস্কফ এলাকায় এই প্রাণঘাতী হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। হাইতিতে জাতিসংঘের ইন্টিগ্রেটেড অফিস জানিয়েছে, হতাহতের সংখ্যা এখনও পরিবর্তিত হতে পারে।

স্থানীয় মানবাধিকার সংগঠন আরএনডিডিএইচ-এর মতে, ৩০ থেকে ৪০ জন নিহত এবং ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন, তবে সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। হামলার সময় বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই ঘটনার পর পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এই ভয়াবহ হামলা চললেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা এলাকার পুলিশপ্রধানের পদত্যাগ দাবি করেছেন।

হাইতি সরকার এই হামলাটিকে ‘জঘন্য’ বলে নিন্দা জানিয়েছে এবং নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, কেন্সকফকে পরিত্যক্ত অবস্থায় রাখা হবে না এবং সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

উল্লেখ্য, রাজধানী পোর্ট-অ-প্রিন্সে প্রবেশের গুরুত্বপূর্ণ পথের কাছে অবস্থিত কেন্সকফে গত বছর থেকে শক্তিশালী গ্যাংগুলো বারবার হামলা চালাচ্ছে। শক্তিশালী গ্যাং জোটগুলো বছরের পর বছর ধরে রাজধানীর নিয়ন্ত্রণ শক্ত করে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। দেশটির দুর্বল পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে বিভিন্ন আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরুর দিকে এই এলাকায় দুই মাসব্যাপী হামলায় ২৬০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হন। এই সহিংসতা আগামী ডিসেম্বরে হাইতিতে এক দশকের মধ্যে প্রথমবারের মতো নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Home R3