১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে নকল ওষুধ বিক্রির দায়ে ভিসা নিষেধাজ্ঞায় ১৩ ভারতীয়

যুক্তরাষ্ট্র সরকার ভারতের একটি অনলাইন ফার্মেসির সঙ্গে যুক্ত ১৩ জন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযুক্তরা ‘কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স’ নামক ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ফেন্টানাইল মিশ্রিত নকল প্রেসক্রিপশন ড্রাগ বা ওষুধ বিতরণের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ মে) মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিরা প্রতিষ্ঠানটির মালিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন এবং ভারত থেকে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছিলেন।

বিবৃতিতে বলা হয়, কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্সের মতো অনুমোদনহীন অনলাইন ফার্মেসিগুলো যুক্তরাষ্ট্রে হাজার হাজার নকল ওষুধ সরবরাহ করেছে। এসব ওষুধের মধ্যে বিপজ্জনক রাসায়নিক ফেন্টানাইল মিশ্রিত ছিল, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।

মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ফেন্টানাইল পাচার থেকে প্রাপ্ত অর্থই এই চক্রের প্রধান আয়ের উৎস। বিষয়টির গুরুত্ব তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানাইলকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন।

স্টেট ডিপার্টমেন্ট আরও জানায়, এই পদক্ষেপ অবৈধ মাদক সিন্ডিকেট দমনে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ প্রতিশ্রুতির অংশ। যারা আমেরিকান নাগরিকদের জন্য ক্ষতিকর এমন কার্যক্রমে জড়িত বা সহায়তা করছে, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হয়েছে বলেও উল্লেখ করা হয়। বিশেষ করে সীমান্ত পারাপারের অপরাধ দমনে উভয় দেশের কঠোর অবস্থান এতে প্রতিফলিত হয়েছে।

মার্কিন প্রশাসন সতর্ক করে বলেছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ অনলাইন ফার্মেসির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি