৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিমদের চির শত্রু : মোজতবা খামেনি

মুসলিম বিশ্বের দেশগুলোকে নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি অভিযোগ করেছেন, মুসলিম উম্মাহর মধ্যে অনৈক্য ও বিভেদ সৃষ্টি করাই শত্রুপক্ষের প্রধান কৌশল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও ইসরাইলকে মুসলিম ভ্রাতৃত্বের ‘চিরশত্রু’ হিসেবে আখ্যায়িত করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভূমিকার কড়া সমালোচনা করে মোজতবা খামেনি বলেন, এই পক্ষগুলো মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক বৈচিত্র্যকে অপব্যবহার করে বিভক্তি তৈরি করছে। মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ শক্তি দুর্বল হওয়ার সুযোগ নিয়ে তারা এ অঞ্চলের ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়।

মুসলিমদের ঐক্য বিনষ্ট করে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, “আজ যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকত, তবে কি ফিলিস্তিনিদের ওপর দখলদারদের এমন বর্বরোচিত অপরাধ ও নির্যাতন চালানো সম্ভব হতো?”

তিনি আরও উল্লেখ করেন, মুসলিম দেশগুলো যদি একতাবদ্ধ থাকত, তবে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো পরাশক্তির পক্ষে পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্পদ ও ভূখণ্ডের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস হতো না।

মুসলিম দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে খামেনি বলেন, তাদের অবশ্যই বাস্তব পরিস্থিতি অনুধাবন করে প্রকৃত শত্রুর ষড়যন্ত্র চিহ্নিত করতে হবে এবং তা সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

তিনি স্পষ্ট করে বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো কেবল ইরান বা ইসলামি প্রতিরোধের বিরোধী নয়; বরং পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকাসহ সমগ্র মুসলিম বিশ্বের জনগণের প্রতিই তাদের সুগভীর বৈরিতা রয়েছে।

Home R3