মিয়ানমারের শান রাজ্যে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।
স্থানীয় সময় রোববার (৩১ মে) দুপুরে চীন সীমান্তসংলগ্ন নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
মাঠপর্যায়ের তথ্যের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। যদিও বিভিন্ন সূত্রে হতাহতের সংখ্যায় কিছুটা পার্থক্য দেখা গেছে।
বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অনেকে প্রথমে এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন।
এলাকাটি নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনাস্থলের ভিডিওচিত্রে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। বিস্ফোরণে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ। অনেক জায়গায় এখনো ধোঁয়া বের হতে দেখা গেছে।
সূত্র: নিক্কেই এশিয়া