৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

মাঝ আকাশে হঠাৎ জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতের কেরালা রাজ্যের কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে জরুরি অবতরণ করে। এতে অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন উড়োজাহাজটির আরোহীরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা এএনআই-এর বরাতে জানা গেছে, সোমবার সকালে কেরালার কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ সিরিজের একটি উড়োজাহাজ (ফ্লাইট নম্বর: নাইন-৪১৫)।

উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর মাঝ আকাশে থাকা অবস্থায় পাইলটদের নজরে আসে যে উড়োজাহাজটির ১ নম্বর ইঞ্জিনের জ্বালানি আশঙ্কাজনক হারে কমে প্রায় তলানিতে ঠেকেছে। উদ্ভূত পরিস্থিতিতে আবুধাবি পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় বুঝতে পেরে পাইলটরা তাৎক্ষণিকভাবে কোচি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা যায়, ফেরার পথে ইঞ্জিনে তেলের চাপ এতটাই কমে গিয়েছিল যে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়াতে পাইলটরা উড়োজাহাজটির প্রথম ইঞ্জিনটি পুরোপুরি বন্ধ করে দেন এবং মাত্র একটি ইঞ্জিনের ওপর ভর করে বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।

মাঝ আকাশে এ ধরনের যান্ত্রিক গোলযোগ ও জরুরি পরিস্থিতির কারণে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পাইলটদের দক্ষতায় সব যাত্রী ও ক্রু অক্ষত অবস্থায় নিরাপদে নেমে আসতে পেরেছেন। ঠিক কী কারণে মাঝ আকাশে এমন জ্বালানি সংকট দেখা দিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি। পাশাপাশি ফ্লাইটে মোট কতজন আরোহী ছিলেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Home R3