মুম্বাইয়ের অভিজাত ওরলি এলাকায় আয়োজিত একটি জৈন খাবার উৎসবে নিরামিষ খাবারের স্টল দেওয়ায় এক মুসলিম নারী আয়োজকদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষের অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) ন্যাশনাল স্পোর্টস ক্লাব অব ইন্ডিয়ার (এনএসসিআই) প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই নারীর স্বজন মুশতাক আনসারির একটি ভিডিও প্রকাশের পর। তিনি দাবি করেন, আয়োজকরা তার বোন ও স্ত্রীকে বোরকা খুলে ফেলতে বলেন। অন্যথায় তাদের অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বলা হয়।
ওই নারীকে শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল থেকে চলে যেতে বলা হয়। তিনি ঘটনাটিকে জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “এটি আমার প্রথমবার নয়। আমি এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে খাবারের স্টল দিয়েছি। সেদিন আমি হিজাব পরে ক্রেতাদের খাবার দিচ্ছিলাম। তখন একজন আয়োজক এসে আমাকে হিজাব খুলে ফেলতে বলেন।”
তিনি বলেন, মুসলিমদের সেখানে স্বাগত জানানো হবে না, এমন কোনো আগাম সতর্কতা দেওয়া হয়নি। ওই নারী বলেন, “স্টল দেওয়ার জন্য আমাদের কাছ থেকে ফি নেওয়া হয়েছে। যদি এতই সমস্যা থাকে, তাহলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হলো কেন?”
এ ছাড়া অনুমতি ছাড়াই কয়েকজন তাদের ভিডিও ধারণ ও ছবি তুলেছেন বলেও অভিযোগ করেন তিনি।
ওই নারী আরও বলেন, জৈন ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে তার স্টলের সব খাবারই ছিল ডিমবিহীন ও নিরামিষ। তিনি বলেন, “কারও সঙ্গে এভাবে আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”