ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ইউরোপজুড়ে ১০১ সংগঠনের তৎপরতা

ফ্রান্সে বিক্ষোভ ও সংঘর্ষের পর নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আগামী ২৪ অক্টোবর ‘অ্যাক্ট টু’ নামে আরেক দফা বিক্ষোভের প্রস্তুতি চলছে। একই সঙ্গে আগামী ২০ নভেম্বর ইউরোপজুড়ে সমন্বিত যুব ধর্মঘটেরও আহ্বান জানিয়েছে বামপন্থী ও সমাজতান্ত্রিক বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচির পেছনে যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশে বিস্তৃত ১০১টি সংগঠনের নেটওয়ার্ক রয়েছে বলে দাবি করেছে ফক্স নিউজ ডিজিটাল।

ফক্স নিউজের ২০ অক্টোবর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের বিক্ষোভকে কেন্দ্র করে আগে ৫৪টি সংগঠনের সম্পৃক্ততার কথা উঠে এলেও নতুন অনুসন্ধানে ১০১টি সংগঠনের নাম পাওয়া গেছে। এসব সংগঠনের মধ্যে ৩৩টি মূলত শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই নেটওয়ার্কে কমিউনিস্ট, সমাজতান্ত্রিক, উগ্র-বামপন্থী, শ্রমিক অধিকার, পরিবেশবাদী ও ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন রয়েছে। ফক্স নিউজ এদের সম্মিলিত তৎপরতাকে ‘রেড-গ্রিন’ বা ‘লাল-সবুজ’ নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করেছে। তবে সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও যোগসূত্রের বিষয়ে এসব দাবি ফক্স নিউজের অনুসন্ধানের ভিত্তিতে করা হয়েছে।

Home R3