নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলবর্তী অকল্যান্ড দ্বীপপুঞ্জ এলাকায় ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এটি অগভীর ভূমিকম্প হলেও জনবসতিহীন এলাকায় আঘাত হানায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।
বুধবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩.৭ কিলোমিটার। অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে এর গভীরতা ১৪ কিলোমিটার হিসেবে উল্লেখ করেছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রের তলদেশে, যা নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে অবস্থিত। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, এটি ব্লাফ শহর থেকে প্রায় ৪৬০ কিলোমিটার এবং ইনভারকারগিল থেকে ৪৭৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। এছাড়া ডানেডিন ও কুইন্সটাউন থেকেও কয়েকশ কিলোমিটার দূরে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে।
ভূমিকম্পটি শক্তিশালী হলেও উৎপত্তিস্থল প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় কোনো সুনামির ঝুঁকি তৈরি হয়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র কিংবা স্থানীয় কর্তৃপক্ষ কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।