বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর এবং তাঁদের ঘুষ ও লুটপাটের কারণেই সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, এগুলো নানা ধরনের ঘুষখোরি ও লুটপাট করে। যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠে এসেছে। অন্যান্য দেশে অবিচারের বিচার জনগণের চাওয়া ছাড়াই স্বাভাবিক নিয়মে হয়, অথচ বাংলাদেশে বছরের পর বছর কান্নাকাটি করেও অপরাধের কোনো প্রতিকার পাওয়া যায় না।”
বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দলটির সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও নেতারা দেশকে লুটপাট করে সর্বনাশ করে দিয়ে গেছেন। গত ১৫–১৬ বছরে যে পরিমাণ অন্যায় ও অত্যাচার হয়েছে, তা দেশের ইতিহাসে নজিরবিহীন। জাতীয় কোষাগার লুণ্ঠন থেকে শুরু করে বিদেশি সাহায্য ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা পর্যন্ত বিদেশে পাচার করা হয়েছে। ফিলিপাইনে জড়িতদের বিচার হলেও বাংলাদেশে কারো বিচার হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই তাদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে। প্রতিবেশী দেশে বসে দেশে ফিরে আসার হুংকার দিয়ে কোনো লাভ হবে না, জনগণ আর তাদের গ্রহণ করবে না।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার স্মৃতিচারণ করে স্পিকার বলেন, ক্ষমতার শীর্ষপদে থেকেও শহীদ জিয়া নিজের জন্য কোনো সম্পদ বা ব্যাংক ব্যালেন্স রেখে যাননি। তাঁর ভাইদের নাম পর্যন্ত সাধারণ মানুষ জানতে পারেনি। এমন সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্বের কারণেই জনগণ বারবার বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনেছে।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সমাবেশে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।