১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক
এনডিটিভির প্রতিবেদন

টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মতপার্থক্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর স্থগিত থাকার মতো নানা জটিলতা সত্ত্বেও ঢাকার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ ক্ষেত্রে রাজনৈতিক টানাপোড়েনকে পাশ কাটিয়ে দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার সুসম্পর্ক ধরে রাখাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে নয়াদিল্লি।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে তাঁর পূর্বনির্ধারিত সফর স্থগিত রাখলেও উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক স্তরে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেও তা স্থগিত রাখা হয়।

তবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, রাজনীতি তার নিজস্ব গতিতে চললেও দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষাই সম্পর্কের মূল ভিত্তি। সম্প্রতি ঢাকায় উপদেষ্টা জাহেদ উর রহমান এবং পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার। বর্তমান বাংলাদেশ প্রশাসনও পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের ভিত্তিতে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

এদিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন নদীর পানিবণ্টন অন্যতম স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে। আগামী ডিসেম্বরেই ১৯৯৬ সালের ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদি কার্যকাল শেষ হতে চলেছে। বাংলাদেশ পক্ষ থেকে ইতোমধ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে গঙ্গা চুক্তির সফল নবায়ন দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের গতিপ্রকৃতি নির্ধারণে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

Home R3