রাশিয়ার সঙ্গে পূর্ব সীমান্তে ২০০ কিলোমিটার দীর্ঘ বেড়া নির্মাণ শেষ করেছে ফিনল্যান্ড। দেশটির সীমান্তরক্ষী বাহিনী গত ৭ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে।
বেড়াটি প্রায় সাড়ে ৪ মিটার উঁচু। এর সঙ্গে রয়েছে আধুনিক নজরদারি ব্যবস্থা। রাশিয়া থেকে অনিয়মিতভাবে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এটি নির্মাণ করা হয়েছে।
২০২৩ সালে ইমাত্রা ও সাল্লা এলাকায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটির কাজ শুরু হয়। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে সীমান্তের বিভিন্ন এলাকায় মূল নির্মাণকাজ শেষ করা হয়।
ফিনল্যান্ডের অভিযোগ, রাশিয়া অভিবাসনকে ব্যবহার করে দেশটিতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। দেশটি একে ‘ইন্সট্রুমেন্টালাইজড মাইগ্রেশন’ বা উদ্দেশ্যপ্রণোদিত অভিবাসন হিসেবে উল্লেখ করছে।
ফিনল্যান্ড সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি ড্রোন ও ইলেকট্রনিক সেন্সরও ব্যবহার করছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারি রানতানেন বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে সীমান্তের এই বেড়া প্রয়োজনীয়।
এদিকে অভিবাসন ও আশ্রয়প্রক্রিয়ায় নিরাপত্তা জোরদার করতেও নতুন ব্যবস্থা নিচ্ছে ফিনল্যান্ড। অভিবাসীদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা সংস্থার তথ্যভান্ডারের সঙ্গে যাচাই করার জন্য নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
সূত্র : ইনফোমাইগ্রেন্ট