৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

হাসিনাকে ধরে আনতে চায় সরকার, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

হাসিনাকে ধরে আনতে চায় সরকার, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার সময় পার হয়ে গেছে; সরকার এখন তাঁকে আনুষ্ঠানিকভাবে ধরে এনে রায় কার্যকর করতে চায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর এবং পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, আমরা একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যখন কোনো শর্তের প্রশ্ন আসে, তখন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমরা স্পষ্টভাবে বলছি, শেখ হাসিনা আপনি নিজ থেকে আসবেন না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে উপদেষ্টা উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী তাঁর এখন আর কোনো আইনি আপিল করার সুযোগ অবশিষ্ট নেই। এমনকি দেশে ফিরে এসে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার পথও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ডা. জাহেদ বলেন, কারিগরি দিক থেকে বিষয়টির অর্থ একটাই, তাঁর জন্য এখন সরাসরি মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। সরকার যেকোনো উপায়ে তাঁকে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী রায় কার্যকর করতে বদ্ধপরিকর।

সম্প্রতি গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া বিভিন্ন বক্তব্য ও সংবাদ সম্মেলনের দিকে ইঙ্গিত করে তিনি আরও জানান, সরকার এসব অপতৎপরতার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও শক্ত কূটনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

Home R3