দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানি ও মানবিক দায়িত্ব।
শনিবার (১১ জুলাই) রাজধানীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে তিনি এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা হিসেবে আসে। তাই এ সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর রহমতের প্রত্যাশা করা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসা জরুরি।
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী ও সামর্থ্যবান নাগরিকদের দ্রুত সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে দল-মত নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করে সরকারকে পরিকল্পিতভাবে ত্রাণ, চিকিৎসা, বিশুদ্ধ পানি, আশ্রয় ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি।
এ সময় তিনি সংগঠনের নেতাকর্মীদের দ্রুত স্বেচ্ছাসেবী টিম গঠন করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশ দেন।