ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। পাঁচতলা ভবনটির বেজমেন্টে থাকা রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় বহু মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে দিল্লির মালভিয়া নগর এলাকার ‘মিকাসা ইন’ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পানি ট্যাংকার ও উদ্ধারকারী দল পাঠানো হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনার সময় ভবনটিতে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের মধ্যে বিদেশি নাগরিকও ছিলেন, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। আগুন লাগার সময় অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে কয়েকজনকে জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়তে দেখা যায়।
হোটেলের রেস্তোরাঁর একজন কর্মী জানান, সকালে একটি বৈদ্যুতিক চুলা চালু করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে “মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য জরুরি সেবা সংস্থা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেছে, যার ফলে অনেক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।
আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।